বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনটে ভোটকেন্দ্রের সামনে মিলন মিয়া নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের হটিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিলন মিয়া ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান জানান, রাতে মিলন মিয়া হটিয়ার পাড়া ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এক এজেন্টের ছবি সংগ্রহ করতে যায়। সেখান থেকে ফেরার পথে জামায়াত-শিবিরের একদল লোক পিছন থেকে মিলনের ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় ও হাতে ছুরিকাঘাত করে তারা। পরে মিলনকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, মিলন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ আটক নেই। জামায়াতের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করছে বিএনপি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।