দেড় লাখ ভোটে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

কুমিল্লা-৪ আসনে দেড় লাখ ভোটের ব্যবধানে এগিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল পাওয়া যায়।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১৪৫ কেন্দ্রের মধ্যে ১১৬ আসনে শাপলা কলি প্রতীকে হাসনাত পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। যেখানে ব্যবধান ১ লাখ ৪৬ হাজার ভোট।

 

এর আগে সকাল ৭টা থেকে সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

 

এদিকে, ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ অর্থ বিতরণ এবং প্রশাসনের পক্ষপাতিত্বসহ বিভিন্ন অভিযোগ এনে ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত জসিমউদ্দীন। এদিন বিকেল ৫টায় নির্বাচন শেষে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।

 

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এশিয়া পোস্টকে বলেন, নির্বাচন শেষে তিনি নাকি নির্বাচন বর্জন করেছে, এমন তথ্য শুনলাম। তবে খবর নিয়ে দেখেন, দেবিদ্বারে শতভাগ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হয়েছে।