বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা
স্টাফ রিপোর্টার
বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড় এলাকায় পৌঁছালে তনয় তার পথরোধ করেন বলে অভিযোগ। এ সময় বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের দুলাভাই সেতু বলেন, বোনকে উত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোনকে উত্যক্ত করার জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
অরুপ রতন
০১৭৩৫৭৮৪২১৭