বগুড়ায় অটো ভ্যানচালকের মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৬ বার।

বগুড়ায় এক অটো ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ধানক্ষেতের পানির মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

 

নিহতের নাম মোজাম উদ্দিন শাহ (৫৫)। তিনি উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে। তিনি পেশায় অটোচার্জার ভ্যানচালক ছিলেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ভ্যান পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন। 

 

 

নিহত মোজাম উদ্দিনের ভাই হাফিজার রহমান জানান, প্রতিদিন বিকালে মোজাম উদ্দিন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন এবং ভোররাতে বাড়ি ফেরেন। পরে সকাল হয়ে গেলেও তিনি না ফেরায় তাকে মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়৷ পরে খোঁজাখুঁজি করলে পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷ 

 

 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ব্যবহৃত ভ্যানও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই করে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। 

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।