বগুড়ায় জমি–বিরোধে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ২৩:৩৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৭ বার।

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

 

নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।

 

 

এর আগে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পুণ্ড্রকথা স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

নিহতের ছেলে অভিযোগ করেন, জমি–জমা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাঁর বাবাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, জমি–সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।