বগুড়ায় পেসডের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধী নারীদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ১৮:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

মানবিকতার স্পর্শ ছড়িয়ে দিতে এবং দরিদ্র, অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট (পেসড)-এর উদ্যোগে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বগুড়া শহর সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। 

 

 

পেসড-এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম লিটন। এ সময় তিনি বলেন, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও পুনর্বাসনে পেসডের উদ্যোগটি সময়োপযোগী ও প্রশংসনীয়। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগী নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।

 

 

সেলাই মেশিন পাওয়া উপকারভোগী রিতু খাতুন বলেন, দর্জির কাজ শিখে পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা দীর্ঘদিনের। আর্থিক সংকটে সেলাই মেশিন কিনতে না পারলেও পেসড-এর সহায়তায় এখন তিনি আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন। হুইলচেয়ার পাওয়া জাহানারা বেওয়া বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। হুইলচেয়ার পাওয়ায় এখন তিনি সহজে চলাফেরা করতে পারবেন এবং পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন। এটি তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

 

 

পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী নারীদের কেবল সহায়তা প্রদান নয়, তাদের সক্ষম করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। একজন সুবিধাবঞ্চিত নারী যখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেন, তখনই উদ্যোগটি সফল হয়। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চান, তারা আমাদের এই কার্যক্রমে যুক্ত হোন। আমরা সম্মিলিতভাবে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। 

 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, পেসডের কার্যনির্বাহী সদস্য আজাহার আলীসহ প্রমুখ।