বগুড়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের এসওএস শিশু পল্লী কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর উদ্যোগে এবং পেসড, মথুরা সমাজকল্যাণ পরিষদ ও মেরী সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। তিনি বলেন, তামাকজাত দ্রব্য মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান শুধু ধূমপায়ীকেই নয়, পরোক্ষ ধূমপানের মাধ্যমে আশপাশের মানুষকেও ঝুঁকির মধ্যে ফেলে। তামাক সেবনের ফলে হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক, শ্বাসতন্ত্রের জটিলতা, অ্যাজমা ও ডায়াবেটিসসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ বাড়ছে। পাশাপাশি যুবসমাজের মধ্যে ধূমপানের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজকে তামাকমুক্ত করতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে বগুড়া জেলার তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন পরিস্থিতির চিত্র তুলে ধরেন পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসওএস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার ইনচার্জ মো. আসাদুজ্জামান। এছাড়া সভায় সাংবাদিক, আইনজীবী, এনজিওকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্রচারণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন, নিয়মিত মনিটরিং জোরদার এবং চিহ্নিত দুর্বল দিকগুলোতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।