শিশুর হৃদয়ে ফুটো: বগুড়ায় ৮ মাস বয়সী সন্তানকে বাঁচাতে হাত পাতছেন মা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১২:২২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

মার্কেটের সামনে ছোটশিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন এক মা, হাত বাড়িয়ে দিচ্ছেন সবার সামনে, কেউ টাকা দিচ্ছেন কেউবা এড়িয়ে যাচ্ছেন। এভাবেই প্রায় দিনই সন্তানকে কোলে নিয়ে ওষুধের টাকা জোগার করতে মানুষের কাছে হাত পাতছেন মা লাবন্য আক্তার। কখনও শিশুর বাবাও এসে দাঁড়াচ্ছেন পাশে। চাইছেন সহযোগিতা, যেন বেঁচে থাকে বুকের ধন। সন্তানকে বাঁচাতে আকুতি জানাচ্ছেন সমাজের বিত্তবানসহ সরকারের কাছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া পশ্চিমপাড়ার অটো রিকশা চালক আবু বক্কর ও গৃহিনী লাবন্য আক্তারের ২য় সন্তান ওমর ফারুক, সাতমাস পেরিয়ে বয়স এখন আট মাস। দরিদ্র হলেও সুখের কমতি ছিল না, ঘর আলো করে আসে ওমর ফারুক, আনন্দেই কাটছিল দিন তাদের। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। শিশুটি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হবার পর চিকিৎসকের স্মরনাপন্ন হন ফারুকের বাবা মা। ৫ মাস বয়সে ঢাকায় পরীক্ষা নিরিক্ষার পর জানতে পারে হার্টের ফুটো বেশ বড়, আর ফুসফুস নালীও চিকন। খুব দ্রুত তার অপারেশন করতে হবে। আর এজন্য প্রয়োজন ৫ লাখ টাকা। শিশু ফারুকের বাবা ভাড়ায় চালিত অটোরিক্সা চালিয়ে কোনমতে জীবনযাপন করেন, সহায় সম্বল বলে কিছুই নেই তাদের।

ফারুকের বাবা অটোরিক্সা চালক আবু বক্কর জানান, শিশু ফারুক এখন অসুস্থ, অক্সিজেন সংকটে প্রায় তার, হাত পা ফুলে গায়ের রং নীল হয়ে যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সেখান থেকেই শহরের বিভিন্ন স্থানে গিয়ে মানুষের কাছে হাত পাতছেন সন্তানের চিকিৎসার জন্য।

শিশুর মা লাবন্য আক্তার বলেন, সন্তানকে বাঁচাতে চাই, সবার সহযোগিতা পেতে সাহায্য চাই। দেরে বিত্তবান মানুষ আর সরকার প্রধান যদি আমাদের দিকে একটু নজর দেয় তাহলেও বেঁচে যাবে আমার শিশু। ছোট শিশুকে বাঁচাতে খুব শীঘ্রই অপারেশন করতে হবে, ৫ লাখ টাকা দরকার, সমাজের বিত্তবানসহ সরকারের কাছে আকুল আবেদন বুকের ধন কে বাঁচাতে বাবা মায়ের। সন্তানের চিকিৎসায় বিকাশ ও নগদ নং ০১৩১৭৪৭৯৬৭৬, ডাচ বাংলা ব্যাংক একাউন্ট, আবু বক্কর, ৭০১৭৩১১৩০৩১৩৮।