তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
পুণ্ড্রকথা ডেস্ক
খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে মাগুরার বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমানকে বদলি করে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।