মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: রমজানজুড়ে আকবরিয়ার ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ ১৮:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আকবরিয়া লিমিটেড এর উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরো রমজানজুড়ে শহরের বিভিন্ন এলাকায় পথচারী, ভাসমান মানুষ, অসহায় ও দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

 

 

কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, চারমাথা, দওবাড়ী ও চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড, মাটিডালি, সাতমাথার খোকন পার্ক, পৌর পার্ক, তিনমাথা রেলগেট ও রেলস্টেশন সহ বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়। এ সময় অসংখ্য পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও ভাসমান মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে হাসিমুখে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

 

আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্যেই রমজানের প্রকৃত শিক্ষা নিহিত। আমরা প্রতিবছর চেষ্টা করি অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

ইফতার গ্রহণকারী কয়েকজন শ্রমজীবী ও ভাসমান মানুষ জানান, সারাদিন কাজের পর অনেক সময় ইফতারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। সাধারণ মানুষও উদ্যোগটিকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে। রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করে আকবরিয়ার এ উদ্যোগ সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

 

ক্যাপশন: পবিত্র রমজান উপলক্ষে আকবরিয়া লিমিটেড বগুড়া শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী এতিম, ভাসমান ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছে।