রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত ৮

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৬ ১৮:৩৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর রাণীনগরে ঈদের আনন্দ করতে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে হৃদয় হোসেন (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় অন্তত: আরো ৮জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ভাটকৈ গ্রামে।

নিহত কিশোর হৃদয়ের চাচা জামাল উদ্দীন জানান,শনিবার ঈদ উল ফিতরের নামাজ শেষে গ্রামের ২০-২৫জন কিশোর ভটভটি ভাড়া করে ভটভটিতে দুটি সাউন্ডবক্স নিয়ে গান বাজিয়ে বিভিন্ন এলাকা ঘুরে উৎসব করছিল। এর পর রাত অনুমান পৌনে ৯টা নাগাদ বাড়ী ফেরার পথে এলকার ভাটকৈ গ্রামের খগেনের মোড় এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি উল্টে সড়কের পাশে খালে পরে যায়। এতে ভটভটির নিচে চাপা পরে ঘটনাস্থলেই হৃদয় হোসেন মারা যায়। এসময় ভটভটিতে থাকা আমিরপুর গ্রামের রিপনের ছেলে রিফাত হোসেন (১১),আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (১২),মোফাজ্জল হোসেনের ছেলে ছোলাইমান আলী (১৮),শুকুর উদ্দীনের ছেলে মাসুদ রানা (১৬),রুবেল হোসেনের ছেলে আব্দুল আলিম (১১),আলাউদ্দীনের ছেলে ওমর আলী (১২),খলিলুর রহমানের ছেলে ইউসুফ আলী (১৭) এবং উজ্জল হোসেনের ছেলে রিংকু হোসেন (১৭) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে রিফাত এবং মোহাম্মদ আলীর অবস্থার অবনতি হলে এই দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু কুমার জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হৃদয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে।