বগুড়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে গুরুতর আহত
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তার আট বছর বয়সী মেয়ে ফাহমিদা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী পৌরসভার সারিয়াকান্দি সড়কের জয়ভোগা গ্রামের চা-বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা খাতুন গাবতলী উপজেলার তরফ ভাইখা গ্রামের মোঃ মিল্টনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ফাহিমা খাতুন মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-মেয়ে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে ফাহিমা খাতুনের মৃত্যু হয়। তার মেয়ে ফাহমিদা বর্তমানে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন এবং শঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।