বগুড়ায় বিএনপি কর্মী মুন্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ ১০:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮ বার।

বগুড়ায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার প্রধান আসামি মো. সাইউম (৩৬) কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তুরাগ এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইউম সদর উপজেলার ফাঁপোড় শাহার পুকুর এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। 

 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগুড়ায় র‍্যাব-১২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এসব তথ্য জানান।

 

এর আগে, গত মঙ্গলবার দুপুরে বগুড়ায় ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না(৫১) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আরিফুল ইসলাম মুন্না ওই এলাকার মৃত চিকিৎসক ইয়াছিন আলীর ছেলে। তিনি ফাঁপোড় ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। 

 

 

র‍্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, বগুড়ার ফাঁপোড় এলাকার আরিফুল ইসলাম মুন্না ও সাইউমের মধ্যে মাদক ব্যবসার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া ভুক্তভোগী সাইউমের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলাও করেছিলেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

অভিযোগ অনুযায়ী, মামলা করার পর থেকে সাইউম ও তার সহযোগীরা মুন্নাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। গত ২৩ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মুন্না বাড়ি ফেরার পথে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় আদর্শ কলেজ সড়কের কাছে একদল ব্যক্তি তার পথরোধ করে। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে নাভিতে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মুন্না বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামি সাইউম ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় অবস্থান করছেন। এরপর র‍্যাব-১২ (বগুড়া) ও র‍্যাব-১ (উত্তরা) যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাইউমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।