বগুড়ায় তেল পেতে লাগবে হেলমেট- ড্রাইভিং লাইসেন্স

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ২০:৩২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫৬ বার।

বগুড়ায় তীব্র জ্বালানি তেলের সংকটের মধ্যে পেট্রোল পাম্পগুলোতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল দেওয়া হবে না।

 

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

 

 তিনি জানান, সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি পাম্পগুলোতে ক্রেতাদের তথ্য ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে, যাতে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে না পারেন।

 

এছাড়া প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে বলেও জানান তিনি।

 

 

 জানা গেছে, বগুড়া জেলায় মোট ৭৮টি তেলের পাম্প রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, সংকটের শুরুতে মজুত শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে বর্তমানে তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

 

 

তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই জেলার সব ফিলিং স্টেশনে জ্বালানি পৌঁছে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।