মারা গেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার নায়ক রাহুল

পুণ্ড্রকথা ডেস্ক
বিনোদন
পঠিত হয়েছে বার।

টলিপাড়ায় নেমে এলো শোকের ছায়া। রবিবার (২৯ মার্চ) দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে নামেন অভিনেতা। সেই সময় আচমকাই তিনি তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি, পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হয়।

 

ধারাবাহিকে তার সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন, শুটিং শেষে ইউনিটের সদস্যরা মধ্যাহ্নভোজে যান। সেই সময় রাহুল আরও কিছু শট শেষ করবেন বলে সেটে থেকে যান। এরপরই ঘটে এই দুর্ঘটনা।

 

ভাস্কর বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওর। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আমরা কেউই ভাবতে পারছি না, একজন সুস্থ, তরতাজা মানুষ এভাবে চলে যেতে পারেন।’

 

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে। তবে সেভাবে সফলতা ধরে রাখতে না পারায় ব্যস্ত হয়ে যান ছোট পর্দা নিয়ে। তার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা ‘ভোলে বাবা পার করেগ’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন।

 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ 'ঠাকুমার ঝুলি'তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।

 

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

 

রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ । ব্যক্তি জীবনে রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তারা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে বিচ্ছেদ হয় তাদের। একমাত্র সন্তান সহজ।