৩ দিন অফিস পরিচালনার নির্দেশনাটি ভুয়া, সতর্ক করল মন্ত্রণালয়
পুণ্ড্রকথা ডেস্ক
জ্বালানি সংকটের কারণ দেখিয়ে সপ্তাহে তিন দিন সরকারি অফিস পরিচালনার বিষয়ে একটি নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিকে ‘ভুয়া’ দাবি করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়ে সতর্ক করা হয়।
বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।
এর আগে বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হোম অফিসসংক্রান্ত ভুয়া পত্রটি ছড়িয়ে পড়ে।
যেখানে বলা হয়, আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর কর্মচারীরা সপ্তাহের দুদিন ওয়ার্ক ফর্ম হোম বা বাড়ি থেকে কাজ করবেন। বাকি তিন দিন অফিস খোলা থাকবে। এই তিন দিন হলো রবি, সোম ও মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার কর্মচারীরা কাজ করবেন বাড়ি থেকে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
আরও বলা হয়েছে, যে তিন দিন সরকারি দপ্তর খোলা থাকবে সেই দিনগুলোতে সকাল ৮টায় অফিস শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বাকি দুদিন দাপ্তরিক কাজ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সম্পন্ন করতে হবে।
তবে জরুরি পরিষেবা দানকারী সংস্থাসমূহ (হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ইত্যাদি) এই নির্দেশনার আওতামুক্ত থাকবে এবং তাদের নিজস্ব বিধি মোতাবেক নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে বলে ওই পত্রে জানানো হয়।