বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট খাদিজা আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৮:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯১ বার।

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে খাদিজা খাতুন (২৯) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার রাতে শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

আটক খাদিজা ওই এলাকার আব্দুল খালেকের মেয়ে।

 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় খাদিজাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে।

 

র‌্যাব জানায়, খাদিজা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত করতেন বলেও অভিযোগ রয়েছে।

 

ফিরোজ আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী Enjoy247, VELKI Live ও PLAY25 নামের কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন।

 

র‌্যাবের দাবি, Enjoy247-এর দুটি এজেন্ট অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সির তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার লেনদেনের তথ্যও মিলেছে।

 

আটকের পর খাদিজাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।