সড়কের ওপর থেকে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবীতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ ১৯:০৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে দ্রুতগতির ঢাকাগামী বাসের ধাক্কায় এক অটোরিকশা আরোহী নিহত হওয়ায় শহরের অভ্যন্তর থেকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবীতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সচেতন মহল। বুধবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরেই শহরের ব্যস্ততম একটি মাত্র নওগাঁ-সান্তাহার সড়ক দিয়ে দূরপাল্লার দ্রুতগামী বাস চলাচল করছে। ফলে সাধারণ মানুষ ও স্থানীয় ছোট যানবাহনের জন্য শহরে প্রবেশ ও বাহির হওয়ার একমাত্র সড়কটি দিন দিন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে এই নির্মম দুর্ঘটনাটি ঘটে, যেখানে একটি দ্রুতগতির ঢাকা কোচের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান এক সাধারণ মানুষ।

 

মানববন্ধনে বক্তারা ঘাতক বাস চালককে অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ঢাকা বাসস্ট্যান্ডটি শহরের ভেতর থেকে সরিয়ে বাইরে কোনো উপযুক্ত স্থানে দ্রুত স্থানান্তরের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা মাদক বিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি হাফিজুর রহমান, এনসিপির জেলা শাখার যুগ্ম আহবায়ক দেওয়ান মাহাবুব সোহাগ প্রমূখ।