নন্দীগ্রাম-কাহালুর জনপদ উন্নয়নে সময় চাইলেন এমপি মোশারফ

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬ ২০:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৮ বার।

বগুড়া-৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো ও গ্রামীণ জনপদে ব্যাপক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীকে সুখবর দিয়েছেন সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। জনগণের কাছে সময় চেয়ে তিনি বলেছেন, কিছুটা অপেক্ষা করুন, বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন। সর্বত্রই ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হবে। 

 

 শনিবার দিনভর নন্দীগ্রাম উপজেলায় গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। 

 

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, থানার ওসি মো. তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুবদল নেতা জামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ লিটন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু প্রমুখ। 

 

এদিন পৌরসভার চুকাইপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোশারফ হোসেন। উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে ভদ্রদীঘি পর্যন্ত সড়কের চলমান কার্পেটিং কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সড়কের টেকসই উন্নয়নের স্বার্থে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন। নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং শিশুদের মাঝে উপহারসহ ফুটবল বিতরণ করেছেন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য। একইদিন উপজেলার গরিব, অসহায় দুস্থ মানুষের আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন, ঢেউটিন, গাছের চারা, চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।