বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্যালিকা অপহরণের মামলা
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন তার স্ত্রী লাবন্য আক্তার। ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হলে এ ঘটনায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে গত ১২ জুন শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়।
রবিবার বিকালে এশাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জুন বেলা ৩টার দিকে সুমন রেজার শ্যালিকা প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরদিন শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলযোগে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে কনস্টেবল সুমন রেজাসহ তিন কনস্টেবল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বগুড়া চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে যান। সেখানে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এপিবিএন সদস্য তানজিমকে ডেকে তার মোটরসাইকেলটি চোরাই বলে দাবি করেন এবং ডিবি অফিসে নেওয়ার কথা বলে চলে যান।
এ ঘটনায় তানজিম পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করলেও পরে লিখিত অভিযোগ না দেওয়ায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।