রাজশাহী ও রংপুর যৌথ বিভাগীয় পর্যায়ের মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় নৃত্য বিভাগে দ্বিতীয় উষ্ণতা
স্টাফ রিপোর্টার
বগুড়ার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ বিভাগীয় পর্যায়ের মাক্স অলরাউন্ডার প্রতিযোগিতায় নৃত্য বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে উষ্ণতা সরকার।
আয়োজক সূত্রে জানা যায়, দুই বিভাগের প্রথম রাউন্ড থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে নৃত্য বিভাগে সেরা দ্বিতীয় হওয়ার কৃতিত্ব অর্জন করে উষ্ণতা।
উষ্ণতা সরকার বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উদয় কুমার সরকার ও সাথী রানী সাহার একমাত্র কন্যা। নৃত্যে তার শিক্ষক এবং ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ।
উষ্ণতার এ সাফল্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত ও ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।
জিন্নাহ বলেন, উষ্ণতার এই অর্জন প্রতিষ্ঠান ও জেলার জন্য গর্বের। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সে ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় উষ্ণতা সরকার এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। তার এ অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।