বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৬:২২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৪৮ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাতে উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।

 

 

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, লোহার সাবল, লাঠি সোঠা ও ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহিদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। 

 

 

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীদের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়।