পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও বিতরণ করে পেসড
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় প্রোগ্রাম ফর ইকো স্যোসাল ডেভেলপমেন্ট (পেসড)-এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি মাটি, পানি ও বায়ুদূষণ কমিয়ে পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাতেও আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পেসড নিয়মিত পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পেসডের মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পেসডের কার্যনির্বাহী সদস্য আজাহার আলী এবং প্রোগ্রাম সমন্বয়কারী রবিউল ইসলাম নিরব।