বগুড়ায় ভটভটি উল্টে নিহত ২
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ভটভটি উল্টে দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকালে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আকতারুল ইসলাম(৪০) এবং বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজামউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম(৭০)। এদের মধ্যে আকতারুল ইসলাম ছিলেন গরুর ব্যাপারী এবং শফিকুল ইসলাম বাইসাইকেল আরোহী৷ এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিরুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, বিকালে সাতজন ব্যাপারী জয়পুরহাট থেকে ভটভটিযোগে গরু নিয়ে সিংড়ার দিকে ফিরছিলেন। পথিমধ্যে থালতা ভগবানবাজার স্ট্যান্ডে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ এসময় পাশে সাইকেল নিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ শফিকুল। তিনিও ভটভটির অবস্থা দেখে সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ভটভটি উল্টে যায় এবং সাইকেল ওই ভটভটির নিচে পড়ে৷ এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা ব্যাপারী আকতারুল ইসলাম এবং সাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে দুই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।