বগুড়ায় জুলাই শহীদ যোদ্ধাদের স্মরণে দোয়া, কর্মী পরিচিতি ও আলোচনা সভা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ ২০:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় জুলাই শহীদ যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল, কর্মী পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে শহরের কারবালা টিটিসি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালক দল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সংগঠনের জেলার সভাপতি আব্দুস সালাম খাঁ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম পাঞ্জাবের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালক দল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির টিআই সালেকুজ্জামান খান সালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালক দল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য মাহফুজ আলম হিরু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালক দল মহানগর কমিটির সভাপতি রনজু পিকে, সহ-সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, প্রচার সম্পাদক সোনা মিয়া, জাহিদুল ইসলাম, সোনা মিয়া, নজরুল ইসলাম, সুমন হোসেন, সাইদুল ইসলাম, আতাউর রহমান, মোছাঃ নুরুন্নাহার সহ আরও অনেকে। 

প্রধান অতিথির বক্তব্যে কে এম খাইরুল বাশার বলেন, “জুলাইয়ের শহীদরা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মদান জাতি কখনো ভুলবে না। শ্রমজীবী রিকশা, ভ্যান ও অটোচালকরাও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি সালেকুজ্জামান সালেক বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়কে শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি চালকের দায়িত্ব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের সচেতনতা এবং পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন মেনে চললে দুর্ঘটনা কমবে এবং জনসাধারণও নিরাপদে চলাচল করতে পারবেন।”

আলোচনা শেষে জুলাই শহীদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে নতুন কর্মীদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয় এবং রিকশা, ভ্যান ও অটো চালকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।