বগুড়ায় উল্টো পথে আসা পানির ট্যাংকারের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত, আহত ৩
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে উল্টো পথে আসা পানির ট্যাংকারের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার বিকেল চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদিন (৪২)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। তিনি ছোনকা উচ্চবিদ্যালয় ও ছোনকা বাজার জামে মসজিদের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির একটি পানির ট্যাংকার উল্টো পথে চলাচল করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে ট্যাংকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা চার যাত্রী আহত হন। তাঁদের মধ্যে জয়নাল আবেদিন ঘটনাস্থলেই মারা যান।
আহত মো. বখত জামাল (৪৫) ও তাঁর স্ত্রী কুলসুম বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শাহ আলম নামের অপর আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জয়নাল আবেদিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর দুই ছেলে রয়েছে। তাঁদের মধ্যে একজন প্রতিবন্ধী। তাঁর মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুর্ঘটনায় জড়িত পানির ট্যাংকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা করার প্রস্তুতি চলছে।