রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ১৭:৫৩ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

 

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি।

 

ব্রিফিংয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।

 

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

 

এর আগে কয়েক দিনের জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে শুক্রবার পদত্যাগপত্র পাঠান তিনি।

 

রাষ্ট্রপতির দপ্তর সূত্রে জানা গেছে, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

 

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনোমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। পরবর্তীতে সেই সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে।