বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ১৭:৫৬ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এবং সাবগ্রাম এলাকার ডেকোরেটর ব্যবসায়ী।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয় তাওহীদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।