বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬ ১৩:২৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১০৭ বার।

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার নয়ন (৩৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপরজন মাসুদুর রহমান (৩৮)। তিনি একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা ও পেশায় কাঁচামাল ব্যবসায়ী।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোনকা আন্ডারপাস সেতুর উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক দুই দিন আগে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস সেখানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

 

সংঘর্ষের পর ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান মারা যান। আহত হন অন্তত সাতজন যাত্রী।

 

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

 

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।