বগুড়ায় জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেপ্তার, মিলল ইয়াবা ও ১৫ দেশীয় অস্ত্র

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬ ১৮:০৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৫ বার।

বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ‘জালাল গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের কাছ থেকে ১১টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম ও ১৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

 

এ ছাড়া তাঁদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ১২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

 

বুধবার বিকালে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

র‌্যাব জানায়, বুধবার রাত ৩টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুলের তালপুকুর পাড়ায় অভিযান চালিয়ে বাপ্পী হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি চাপাতি, ১৩টি ইয়াবা বড়ি, দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

 

পরে ভোর ৫টার দিকে একই ইউনিয়নের শাবরুল হাটখোলা পাড়ায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইউসুফ প্রামাণিক (২২), জালাল মণ্ডল (৩৮), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামাণিক (২৭), আকাশ প্রামাণিক (১৯), শুভ (২০), কাইয়ম প্রামাণিক (১৯), কাউছার হোসেন (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাবের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, দ্বিতীয় অভিযানে তাঁদের কাছ থেকে নয়টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

 

তিনি বলেন, গ্রেপ্তার বাপ্পী হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের একটি মামলায় হত্যাচেষ্টা, অপহরণ, মারধর ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। জালাল মণ্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের মামলাও রয়েছে।

 

তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।