নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জিলা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। শোভাযাত্রায় বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এসময় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করে।

 

 

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পাঁচ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয় তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। 

 

 

এদিকে, শোভাযাত্রা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। 

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, ‘বাংলাদেশ সবার। এই বাংলাদেশ হবে মানবিকতা, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তিনি বলেন, নতুন করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলে নতুন প্রজন্মের হাতে তা তুলে দিতে চাই।’

 

 

 বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলোক রায়।