বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে জরিমানা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৫ বার।

বগুড়ার শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খন্দকার টোলা ও বাগড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

 

 

অভিযান সূত্রে জানা যায়, বেকারি দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, অন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্য মোড়কজাত, ভুল ঠিকানা ব্যবহার এবং কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।

 

 

 

এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

 

 

 

 

 

 

অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান নেতৃত্ব দেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।

 

 

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।