বগুড়ায় ড্রেনে ককটেলসদৃশ বস্তু, ভেতরে মিলল বালু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া শহরের সূত্রাপুর বাংলা স্কুলের পাশের ড্রেন থেকে ককটেলসদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে, এগুলো আসল ককটেল নয়। লাল কসটেপ দিয়ে ককটেলের আদলে মোড়ানো এসব বস্তুর ভেতরে বালু পাওয়া গেছে।

 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর বাংলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে এক পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্যে ককটেলের মতো দেখতে কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

 

পরে পুলিশ সদস্যরা সেগুলো পরীক্ষা করে দেখতে পান, এগুলো প্রকৃত ককটেল নয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে একটি বস্তুতে আঘাত করা হলে সেটির ভেতর থেকে বালু বেরিয়ে আসে।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, স্থানীয় একজন ব্যক্তি ফোন করে ড্রেনে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ড্রেনের মধ্যে কয়েকটি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। পরে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, সেগুলো ককটেল নয়।

 

ওসি বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারী এসব ককটেলসদৃশ বস্তু সেখানে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।