বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম্পাদক আবু হাসান

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপেয় পানি নিশ্চিতে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করে দিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে স্থাপিত আধুনিক এই ফিল্টারটির উদ্বোধন করেন তিনি।

সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষকবৃন্দ যথাক্রমে হযরত আলী ও আব্দুস সামাদ, সহকারী শিক্ষকবৃন্দ যথাক্রমে খালেদ মাহমুদ, কবির উদ্দিন, গোলক কুমার দাস, আবু বক্কর সিদ্দিক, দেবাশীষ রায়, সোহেল রানা, করুণা রানী পাড়ুই প্রমুখ।

ফিল্টার স্থাপন প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, মানুষের যত অসুখ-বিসুখ হয় তার অধিকাংশই পানিবাহিত রোগ। যত্রতত্র স্থান থেকে পানি পানের কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীরাও বিভিন্ন সময় অসুস্থতার ভোগেন। সেই জায়গা থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শতভাগ বিশুদ্ধ ও সুপেয় পানি পান করতে পারেন তাই এই পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে। তিনি বলেন, তিনি নিজেও সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আজ যখন তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তখন শিক্ষার্থীদের জন্য তার দরদ একটু বেশি থাকাটাই স্বাভাবিক। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি চেষ্টা করছেন বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেরও। একটি ভালো পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সহায়ক হয়। হাসান বলেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় বগুড়া শাহজাহানপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে পদচারণা রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও। বিগত সময়ে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। ৫ আগস্ট পরবর্তী ধীরে ধীরে সেই উন্নয়ন কর্মকান্ডগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এখনো উন্নয়নের অনেক বাকি রয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

এদিকে ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসানের ইতিবাচক উদ্যোগ প্রসঙ্গে বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুল করিম বলেন, বিদ্যালয় এর সাবেক একজন শিক্ষার্থীকে যখন তারা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পেয়েছেন তখন তাদের প্রত্যাশাও অনেক বেশি। শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী নানা উদ্যোগের পাশাপাশি আবু হাসান সকলের অন্তরালেই মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন, এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষা উপকরণ বিতরণসহ একগুচ্ছ সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন যা শিক্ষক হিসেবে তাদের গর্বিত করে।