বগুড়ায় অসহায়, বিধবা ও প্রতিবন্ধী নারীদের মাঝে ছাগল বিতরণ করলো পেসড

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ১৯:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩ বার।

বগুড়ায় অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ২৪ জন নারীর মাঝে ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং প্রোগ্রাম ফর ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে ছাগল পালন কর্মসূচির ১১তম পর্যায়ে এসব ছাগল বিতরণ করা হয়।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান, বগুড়া সদর বিএপির সভাপতি মাফতুন আহমদ খান রুবেল ও মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আকতার।

 

অনুষ্ঠানে স্বপ্ন এর নির্বার্হী পরিচালক জিয়াউর রহমান জিয়া, পেসডের নির্বাহী পরিচালক মোছাঃ রোমমানা খাতুন (রুমা), কার্যনির্বাহী সদস্য আজাহার আলী, পিইউপি'র প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, জিবিএস এর নির্বাহী পরিচালক নাজির হোসেন, নুনগোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হালিমা বেগম, প্রশাসনিক কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম, ‍নুনগোলা ইউনিয়নের বিএপির সভাপতি শাহ আব্দুর রশিদ বজলু, সাধারন সম্পাদক শাহ আলম জনি, যুবদলের আহবায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, তারেক জিয়া প্রজন্ম দলের বগুড়া জেলার সদস্য সচিব এখলাস খান আকাশসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বাদশা বলেন, অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা জরুরি। সরকারের বিভিন্ন উদ্যোগের মূল লক্ষ্য দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। একজন অসহায় নারীর হাতে সম্পদ তুলে দেওয়া মানে শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং তার পরিবারকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। ছাগল পালন সহজ ও লাভজনক পারিবারিক উদ্যোগ; যথাযথ পরিচর্যায় এটি পরিবারের স্থায়ী আয়ের উৎস হতে পারে। দরিদ্র পরিবারগুলোকে অনুদাননির্ভর না রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করাই বিএনএফের অন্যতম উদ্দেশ্য। ছাগল বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে অসহায় নারীদের হাতে এমন সম্পদ তুলে দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে তাদের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তায় ভূমিকা রাখবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ বলেন, শুধু সহায়তা প্রদান করে দারিদ্র্য দূর করা সম্ভব নয়; দরিদ্র মানুষের হাতে আয় করার সুযোগ ও সম্পদ তুলে দিতে হবে। নিয়মিত পরিচর্যা ও প্রজননের মাধ্যমে ছাগলের সংখ্যা বাড়িয়ে পরিবারের আয় বৃদ্ধি করা সম্ভব।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান বলেন, ছাগল পালনের পাশাপাশি উপকারভোগীদের পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও প্রজনন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। এতে তারা টেকসইভাবে আয় করতে পারবেন।

 

পেসডের নির্বাহী পরিচালক মোছাঃ রোমমানা খাতুন (রুমা) বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পেসড সমাজের অসহায়, দুঃস্থ, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে আইন সহায়তা, দর্জি প্রশিক্ষণ, ব্লক-বাটিক, এমব্রডারি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কেঁচো কম্পোস্ট তৈরি, গাভী ও ছাগল পালন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, শিশুশ্রম বন্ধে সচেতনতা এবং কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম উল্লেখযোগ্য। 

 

তিনি জানান, বিএনএফ এর ১১তম পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল, রজাকপুর ও হিন্দুপাড়া এলাকার ২৪ জন অসহায়, দুঃস্থ, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীকে নির্বাচিত করে তাদের মাঝে ৪৮টি ছাগল বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেসডের নির্বাহী পরিচালক মোছাঃ রোমমানা খাতুন (রুমা)। সার্বিক সহযোগিতায় ছিলেন পেসডের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম (নিরব)।