নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ায় কবি সম্মেলন ২৭-২৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ১৭:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২ বার।

নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্রের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

সভায় কবি সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কবি সম্মেলন উদযাপন পরিষদও গঠন করা হয়। এতে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদকে আহ্বায়ক এবং বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিককে সদস্যসচিব করা হয়েছে।

সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

 সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আইনজীবী পলাশ খন্দকার, কবি ও প্রাবন্ধিক খৈয়াম কাদের, সাধারণ সম্পাদক গল্পকার আব্দুর রাজ্জাক বকুল, সহসাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, নির্বাহী সদস্য ছড়াকার আমির খসরু সেলিম, কবি মাহাবুব টুটুল ও কবি শাকিবুল শাকিল।

এ ছাড়া কবি কামরুজ্জামান মাসুম, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি মনসুর রহমান তানসেন, কবি শাহানূর শাহিন, কবি শুভ্রা সাহা, বাণী রাণী পাল, শাহানা পারভীন, পারভীন নাহার ও বখতিয়ার হোসাইন সভায় বক্তব্য দেন।

 

সভায় কবিদের আবাসন, খাবার ও পরিবহন, উপহারসামগ্রী, বাজেট, প্রকাশনা এবং ব্যানার তৈরির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কবি ও কবিতার ফেস্টুন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক কালাম আজাদ বলেন, বগুড়া লেখক চক্র একটি ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন। সংগঠনটির দীর্ঘদিনের সুনাম এবং প্রধানমন্ত্রীর জেলা হিসেবে বগুড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কবি সম্মেলন সফল করতে সবার সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালাম আজাদ বলেন, কবি সম্মেলনে একাধিক মন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে। সম্মেলন সফল করতে তিনি সংগঠনের সব সদস্যের সহযোগিতা কামনা করেন।