ফেসবুকে চাকু ও পিস্তল হাতে ভিডিও, বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ১৩:০৫ ।
পঠিত হয়েছে ১৯২ বার।

ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার অপরজন হলেন মো. মিরাজুল (১৯)। সুইট ও মিরাজুলের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়। সুইটের বাড়ি ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামে এবং মিরাজুলের বাড়ি বিলকেশপাথার গ্রামে।

 

সোমবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

আতোয়ার রহমান বলেন, সুইটের হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া তাঁদের ব্যবহৃত ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

 

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আরও পড়ুন