বগুড়ায় এনএসডিআইতে তিন দিনব্যাপী হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
বগুড়ায় নুসরাত স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (এনএসডিআই) তিন দিনব্যাপী হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো: সাহাবুদ্দীন সরদার।
এর আগে গত ২৬ অক্টোবর ২০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দীন সরদার বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হলেও হতাশ না হয়ে বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। এসব প্রশিক্ষণ নিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রয়োজনে অধিদপ্তর থেকে ঋণসুবিধা নেওয়ারও সুযোগ রয়েছে। তরুণদের নিজেদের দক্ষ করে গড়ে তুলে অর্জিত জ্ঞান কাজে লাগানোর মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হ্যান্ড পেইন্টিংয়ের প্রশিক্ষক মুন্নি আক্তার, এসটিপি ম্যানেজার ইকবাল হোসেন ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।