বগুড়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ১৫:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১ বার।

বগুড়ায় বালু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় দয়াল চন্দ্র (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহত দয়াল চন্দ্র বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নারায়ণ চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন লেবার শ্রমিক ছিলেন। আহত অপর দুই শ্রমিক হলেন শ্রী মঙ্গল ও শ্রী সাগর।

 

 

 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ করে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ি মাঝিহট্ট ইউনিয়নের দিকে যাচ্ছিলেন লেবার শ্রমিক দয়াল চন্দ্র ও তার দুই সহকর্মী। পথিমধ্যে ঘোড়াধাপ হাট সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক দয়াল চন্দ্র ছিটকে রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অপর দুই আরোহী শ্রী মঙ্গল ও শ্রী সাগরকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

 

 

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।