দেশের সীমান্ত রক্ষায় নওগাঁর সাপাহার উপজেলায় নতুন একটি সীমান্ত ফাঁড়ির উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৭ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ২ বার।

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তে বিজিবি(বাংলাদেশ বর্ডার গার্ড) নব-আদাতলা বিওপি(সীমান্ত ফাড়ি) ক্যাম্প স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। 

সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় বৃহষ্পতিবার বেলা ১১টায় নব-প্রতিষ্ঠিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি'র উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

 

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন এবং ১৬ ব্যাটালিয়ন নওগাঁ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। 

 

এ ছাড়া বিজিবি'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল নব প্রতিষ্ঠিত ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন,গাছের চারা রোপন করেন। শেষে সীমান্ত সুরক্ষা ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধন শেষে রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা, আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপিত নব-আদাতলা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।। 

 

তিনি আরও বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি এই নতুন বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্ত অপরাধ দমন, চোরা চালান, মাদক পাচার মানব পাচার, পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকর ভাবে মোকাবেলা করা সম্ভব হবে।

 

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের আরো বলেন বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকুল পরিবেশে দেশ ও মাতৃভূমির সুরক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ় ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত "নব আদাতলা বিওপি" এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে। 

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন কর্তৃক নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলা এবং চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। এর মধ্যে সাপাহার উপজেলার আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপি'র মধ্যে দুরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। এই দু'টি বিওপি'র স্বল্প সংখ্যক বিজিবি সদস্য দ্বারা চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ করা দূরহ ছিল । কাজেই বিজিবি মহা-পরিচালক এর অনুমোদন সাপেক্ষে নব আদাতলা নতুন বিওপি ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়। 

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও বলেছেন নব আদাতলা বিওপি স্থাপনের মধ্যে দিয়ে এই ব্যাটালিয়নের মোট বিওপি'র সংখ্যা হলো ১৩টি। আরও দু'টি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।