জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার মৃত্যু, শুক্রবার বাদ জুমা জানাজা
স্টাফ রিপোর্টার
জাকের পার্টি বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সহসভাপতি শফিকুল ইসলাম সাজু মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
শফিকুল ইসলাম সাজু ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদারের নাতি। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
শফিকুল ইসলাম সাজু জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন শফিক সনির বাবা। তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা। বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ছেলে ফয়সাল বিন শফিক সনি।
শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন।