বগুড়ায় আ’লীগ ও শ্রমিক লীগ নেতাকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৯ ।
পঠিত হয়েছে ৫৮ বার।

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাকে থানা থেকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাকে হাজতখানা থেকে গাড়িতে তোলার সময় ধুনট থানা চত্বরে এমন পরিবেশ তৈরি হয়। তখন হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে থানা চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং দ্রুত আসামিদের নিয়ে পুলিশের গাড়ি জেলা কারাগারের দিকে রওনা হয়। এর আগে, রোববার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন— ধুনট পৌর শহরের পূর্ব ভরণশাহী গ্রামের জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) এবং মাটিকোড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ (৩৮)।

 

জানা গেছে, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে পথসভা করা হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। এরপর তারা সেখানে আনন্দ-উল্লাস করেন।

ওই ঘটনায় উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার বাদী হয়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শরিফুল ইসলাম খান ও রুবেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হয়েছে। এ সব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও পড়ুন