অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বগুড়ার শেরপুরে রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ২০:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২ বার।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচাবাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বগুড়ার শেরপুরে গ্যানেল গোপাল সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরশহরের সাব-রেজিস্ট্রার অফিস বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত দেখতে পান, রেস্টুরেন্টটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে শুকনো গোবর সংরক্ষণের স্থানের পাশে পরোটার ময়দার খামির তৈরি এবং ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্য সরবরাহ কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যাও তলব করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এবং শেরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি দল। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে সরকারি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।