নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে মজুদ করা ২২ হাজার কেজি চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৬:২৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১৩ বার।

নওগাঁর মহাদেবপুর উপজেলার শরিফপুর মোড় এলাকার একটি চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তায় রক্ষিত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ।

জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চাল কলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখে মিলন ইসলাম নামের এক ধান চাল ব্যবসায়ী । বিষয়টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই জানার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন।

এ সময় চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলন ইসলামের নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের এরিয়া ইন্সপেক্টর সোহেল রানাকেকে মহাদেবপুর থানায় নিয়মিত মামলার নির্দেশ দেন সেই সাথে চালগুলো জব্দ করেন এবং গুদাম সিলগালা করে দেন ।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মানজুরা মুশাররফ আজ মঙ্গলবার সকালে জানান , অবৈধ মজুমদারদের দখল থেকে বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। এটা ভ্রাম্যমাণ আদালতের আওতাধীন নয়। সরকারি সিলমোহর যুক্ত বস্তায় রক্ষিত চালগুলো জব্দ করা হয়েছে, গুদাম সিলগালা করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের এড়িয়া ইন্সপেক্টর সোহেল রানাকে বাদি হয়ে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন আমন সংগ্রহ অভিযানের প্রাক্কালে সরকারি সংগ্রহ মৌসুম শুরুর আগেই কোন একটি মহল অসৎ উদ্দেশ্যে সেখানে চাল মজুদ করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই সিন্ডিকেটকে চিহ্নিত করার জন্য প্রশাসনিকভাবে তদন্ত চলমান আছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ।

এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের এরিয়া ইন্সপেক্টর সোহেল রানা জানান, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা মামলা প্রস্তুত করছি। আজ মঙ্গলবার যে কোন সময় মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করবেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।