বগুড়ায় ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেপ্তার
বগুড়ায় ১১ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির ছাদের ওপর অস্থায়ী মুরগির খামারের ভেতর থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মোছা. কুলসুম বেগম (৩৮) ও তাঁর ছেলে আবদুল কাইয়ুম লাম (১৯)। তাঁরা ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার বেলা তিনটার দিকে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
তিনি বলেন, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই আবদুল কুদ্দুসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়ি থেকে কুলসুম বেগম ও তাঁর ছেলে আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।
আতোয়ার রহমান আরও বলেন, ওই বাড়ির ছাদের ওপর তৈরি অস্থায়ী মুরগির খামারের ভেতরে তল্লাশি চালিয়ে কুলসুম বেগমের হেফাজত থেকে ১১ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।