নওগাঁর ১২০ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারিসহ টহল জোরদার
নওগাঁ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সীমান্তপথে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে নওগাঁর প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ যাতায়াত ঠেকাতে দিন-রাত টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে নওগাঁ ১৬ এবং ১৪ বিজিবি ব্যাটালিয়ন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ ১৬ ও ১৪ বিজিবির পক্ষে এ তথ্য জানানো হয়েছে।
নওগাঁ (১৬ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে প্রায় ১২১ কিলোমিটার সীমন্ত এলাকায় ১৩ টি বিওপি রয়েছে। এর মধ্যে নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলা ৬৫ কিলোমিটার এলাকায় ৭ বিওপি রয়েছে। অপরদিকে নওগাঁ পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন কর্নেল আহসান হাবীব জানান নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট উপজেলাসহ জয়পুরহাটের পাঁচবিবি এলাকা নিয়ে ৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব সীমান্ত এলাকায় ১৪ টি বিওপি রয়েছে। এর মধ্যে নওগাঁর অংশে প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত রয়েছে।
জেলার প্রায় ১২০ কিলোমিটার এলাকা
সীমান্তের নিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে বলে পৃথক দুই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে । বিজিবি জানায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য প্রস্তুত রয়েছেন।
ব্যাটালিয়ন দুটির দায়িত্বপূর্ণ ১২০ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হচ্ছে মোবাইল পেট্রোলিং।
সীমান্তের অন্ধকারাচ্ছন্ন ও দুর্গম এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেও টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।