বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আ.লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার
বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংক ও সামনের পাকা রাস্তার ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার সাবানপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৫৮), সহসভাপতি আনোয়ার হোসেন, কামাল উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিসদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ, আব্দুর রাজ্জাক রতন, কাহালু উপজেলা মহিলা লীগের সভাপতি আছমা বেগমসহ ১৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া এতে ১৬০-১৭০ জন অজ্ঞাত আসামি রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর রাত ১১টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল কর্মসূচি বাস্তবায়নের জন্য সমবেত হয়ে কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংক, মালঞ্চা শাখার সামনে মালঞ্চা টু রানীর হাটগামী পাঁকা রাস্তার ওপর আকস্মিক হামলা করে ধ্বংসাত্মক কার্যকলাপ সংঘঠিত করে বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনাসহ জান মালের ক্ষতি করার লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
এ সময় নাশকতামূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চারটি পেট্রোল বোমা ছুঁড়ে মারলে সেগুলো দ্বারা সৃষ্ট আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।