বগুড়ায় মধ্যরাতে বাস–ট্রাক সংঘর্ষ, আহতদের উদ্ধার করল সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার
বগুড়ায় মধ্যরাতে ঢাকা–রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্র জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে টহল কার্যক্রম চলছিল। এ সময় ঢাকাগামী একটি স্লিপার কোচের সঙ্গে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনাটি সেনাবাহিনীর টহল দলের নজরে আসার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। বাসচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি বাসে থাকা অন্তত ৩৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, রাতে নিরাপত্তা টহলের সময় দুর্ঘটনাটি নজরে এলে দ্রুত আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।