মাদকাসক্ত যুবকের লোমহর্ষক কান্ড; শিশু কন্যা ও স্ত্রীকে হত্যার পর নিজের বুকের ছুরি মেরে আত্মহত্যা করলেন স্বামী
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়ির শয়নঘরে শিশু কন্যা ও স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামী জয় সরকার(২৭) নিজের বুকে ছুরি মেরে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে নিজ এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাসের কন্যা সন্তান জেনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
ওই এলাকার সাবেক ইউপি মেম্বার স্বপন কুমার সাহাসহ প্রতিবেশীরা জানান নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলো। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যায় আবার ফিরেও আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে নিজের ঘরের দরজা বন্ধ করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে জয় তার কন্যা সন্তানকে প্রথমে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে,তাকে বাধাঁ দিতে স্ত্রী বৃষ্টি সরকার এগিয়ে আসলে তাকেও উপর্যোপরি ছুরিকাঘাত করে শেষে ওই ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সে নিয়ে গেলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তারা দুজনই মারা যায়।
জয় সরকারের পিতা গৌতম সরকার ও তার মা চায়না সরকার বলেন,বেশ কিছুদিন ধরেই জয় মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে সেখান থেকে ফিরিয়ে আনতেন নানা চেষ্টা করা হচ্ছিল। এক পর্যায়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও তাকে ভর্তি করা হয়েছিল। কিছুদিন ভালো থাকার পর আবার সে ওই পথে পা বাড়ায় এবং তার দৌরাত্ব ক্রমেই বাড়তে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের মাতবরদের উপস্থিতিতে জয় সরকারকে বোঝানোর চেষ্টা করা হয়। যদি ওই পথ থেকে ফিরে না আসে তাহলে তাকে পুলিশে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়। এদিকে জয়ের ঠাকুরদা বিরেন সরকার মৃত্যু পথযাত্রী। তাকে নিয়ে পরিবারের লোকজন ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এ নিয়ে রাতে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতন্ডার এক পর্যায় জয় এই লোমহর্ষক ঘটনাটি ঘটায়। যা আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না বলে তারা জানান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলো। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশিদের সাথে বেপরোয়া আচরন করতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।