বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা আহাসানুল তৈয়ব জাকির

অরুপ রতন
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ ১৯:০৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪৬ বার।

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ নিয়োগ দেওয়া হয়।

 

আহাসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। তিনি সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সোনাতলা উপজেলা বিএনপির চারবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি স্থানীয় সরকার ব্যবস্থাতেও দায়িত্ব পালন করেছেন। তিনি সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন।

 

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পান তিনি। তবে পরে বর্তমান সংসদ সদস্য কাজী রফিকুলকে দল চূড়ান্ত মনোনয়ন দিলে দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

 

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় আহাসানুল তৈয়ব জাকির বলেন, এটা অনেক বড় দায়িত্ব। সবার সহযোগিতা নিয়ে বগুড়ার উন্নয়নে অবদান রাখতে চাই।